২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতি রোধ করলে প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ’

দুর্নীতি রোধ করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ থেকে ৯ শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি রোধ করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ থেকে ৯ শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার বিকালে বন্দর নগরীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মেনন বলেন, “দেশের যুবসমাজকে দুর্নীতির অপচক্র থেকে উদ্ধার করতে হবে। নিয়োগের সর্বক্ষেত্রে আজ দুর্নীতি চলছে। নিয়োগকে দুর্নীতিমুক্ত ও প্রতিযোগিতামূলক করতে হবে। তবেই আমাদের দেশের প্রবৃদ্ধি বাড়বে।” রেলের নিয়োগে দুর্নীতি নিয়ে ক্ষমতাসীন মহাজোটের এই নেতা বলেন, “রেলে কী নিদারুণ নিয়োগ বাণিজ্য চলেছে, তা আমরা দেখেছি। জিএম ও মন্ত্রীর এপিএস টাকাসহ ধরা পড়েছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যুব সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে অবক্ষয়ের দিকে।” যুব মৈত্রীর সম্মেলন উদ্বোধন হয় শহীদ মিনারের সামনে। উদ্বোধন করেন সন্ত্রাসীদের হাতে নিহত নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর স্ত্রী উমা মুহুরী ও রাশেদ খান মেনন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে শরীফ চৌহানকে সভাপতি ও কায়সার আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/২১৩১ ঘ.