বরিশাল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে শুক্রবার ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সেতু থেকে বাস খালে পড়ে অন্তত ৫০ জন আহত হন।
নিহত কাঁঠাল ব্যবসায়ী মো. আব্দুস সালাম (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার শোলনা গ্রামের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার পর বাটাজোর বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল এবং প্রায় দু’ঘণ্টা মহাসড়ক অবরোধ করে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
মহাসড়ক থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, যশোর থেকে কাঁঠাল নিয়ে আসা ট্রাক মহাসড়কের বার্থী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।
জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া সালামের লাশ স্বজনরা নিয়ে যায় বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বরগুনা থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়লে অন্তত ৫০ যাত্রী আহত হন।
তাদের মধ্যে গুরুতর ২০ যাত্রীকে গৌরনদী এবং ১০ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24