ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে গাড়ির ধাক্কায় শুক্রবার এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
দুপুরে সোবহানবাগ মসজিদের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত জিকু কুমার দাস (২২) চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রামের স্বপন কুমার দাসের ছেলে বলে তার স্বজনরা জানিয়েছেন।
বাবা স্বপন কুমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সোবহানবাগ এলাকার ফুটপাতে জিকুর একটি ছোট চায়ের দোকান রয়েছে।
দুপুর দেড়টার দিকে চাভর্তি কাপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পথচারীরা বেলা আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুকে মৃত ঘোষণা করেন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর সায়দাবাদে গাড়ির ধাক্কায় জালাল আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ধানম-ি এলাকার এক বাসায় ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে ফারুক আহম্মেদ (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৭১২ ঘ.
bdnews24