চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১৩ নাবিকের মধ্যে ১২ জন তীরে ফিরেছেন।
বন্দরের সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, এমভি চট্টগ্রাম নামের জাহাজটি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বহির্নোঙরের আলফা অ্যাংকারেজের কাছে ডুবে যায়।
জাহাজডুবির কোনো কারণ জানাতে না পারলেও এই কর্মকর্তা বলছেন, এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজে ১৩ জন ক্রু ছিলেন। কয়েকজন নাবিক আশেপাশে থাকা নৌকায় উঠে তীরে ফিরেছেন বলে শোনা যাচ্ছে।”
জাহাজটির মালিক প্রতিষ্ঠান চিটাগাং ট্রেড এজেন্সির ব্যবস্থাপক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৩ জনের মধ্যে ১২ জন বিভিন্নভাবে উদ্ধার পেয়ে ফিরে এসেছেন। আব্দুল কুদ্দুস নামে একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।”
বন্দর সচিব জানান, বন্দরের জরিপ জাহাজ ডুবে যাওয়া লাইটারেজটির অবস্থান নির্ণয় ও আশেপাশের এলাকায় ‘মর্কিং’ করার জন্য ঘটনাস্থলে গেছে। তবে সাগর উত্তাল থাকায় খুব বেশি অগ্রগতি হয়নি।
বন্দর কর্মকর্তারা এমভি চট্টগ্রাম বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দরে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24