ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাসে আগুন দেওয়ার মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক তার জামিন মঞ্জুর করেন।
খোকনের আইনজীবী মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এ মামলায় এর আগে গত ৪ জুন হাই কোর্ট থেকে জামিন পান খোকন। হাই কোর্টের জামিনে মুক্ত হওয়ার পরপরই কারাফটক থেকে তাকে আবারো গ্রেপ্তার করা হয়।
গত ২১ এপ্রিল খিলগাঁও এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ১২ জুন সিএমএম আদালতে হাজির করে ওই মামলায় জিজ্ঞাসাবাদে ১০ দিনের পুলিশ হেফাজত চায় পুলিশ। পরে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এরপর মহানগর দায়রা জজ আদালতে ফের খোকনের জামিন আবেদন করা হয়।
বিকাল ৩টার দিকে এ মামলায় জামিন মঞ্জুর করে আদালত। অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে খোকনের মুক্তিতে আর কোনো বাধা নেই।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, ত্রাস সৃষ্টির মামলায় গ্রেপ্তার করা হয় খায়রুল কবির খোকনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/২০০৩ ঘ.
bdnews24