নড়াইল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক হত্যার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের আদালত সড়কে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টার দিকে নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচিতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মাদক বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় গত ১৫ জুন রাতে একদল সন্ত্রাসী যশোরের শার্শায় দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যা করে। রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয়।
জামাল বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন কয়েকজন সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে, হাত পায়ের রগ কেটে ও চোখ উপড়ে হত্যা করে।
এর আগে ঢাকায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।
সাংবাদিক নেতা তারিকুজ্জামান লিটুর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন আইনজীবী ওমর ফারুক, সাংবাদিক আহম্মদ আলী বারু, ছাত্রনেতা খন্দকার ফসিয়ার রহমান।
তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা-ের পর থেকে রাজপথে নানা কর্মসূচি পালন করে আসছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24