ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে মালিক-শ্রমিক দ্বন্দ্বে সরকারকে রেফারির ভূমিকায় না থেকে অভিভাবকের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফখরুল বলেন, “পোশাক শিল্প আমাদের অর্থনীতির প্রাণশক্তি। আমরা কেউই এই শিল্পে বিশৃঙ্খলা দেখতে চাই না।
“স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেছেন, তারা রেফারির ভুমিকা পালন করছেন, এটা ঠিক নয়। আশুলিয়ায় বিশৃঙ্খলার পরপরই এটি নিরসনে সরকারেরই উদ্যোগী হওয়া উচিৎ ছিল।”
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে অস্থিরতার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
তবে বুধবার শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে কারখানা পুনরায় খোলার সিদ্ধান্ত নেন তারা।
আশুলিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমরা পোশাক শিল্পে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। শ্রমিকদের সমস্যা মালিকদের দেখতে হবে। মালিকদের সমস্যার শ্রমিকদের অনুধাবন করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১১৩ ঘ.
bdnews24