চুয়াডাঙ্গা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চার বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। বুধবার বেলা ১২টার দিকে একই গ্রামের ওই কিশোরকে (১৪) আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আলী হোসেন জানান, বুধবার দুপুর একটার দিকে শিশুটির ডাক্তারী পরীক্ষা হয়।
বিয়ষটি স্পর্শকাতর উল্লেখ করে তিনি আরও বলেন, “পরীক্ষার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না নেওযা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা যাবে না।”
আজ-কালকের মধ্যে চিকিৎসকদের বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে বলে আশা প্রকাশ করেন ডা. আলী হোসেন।
আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, চার বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুর মা ওই কিশোরকে আসামি করে থানায় মঙ্গলবার রাতেই ধর্ষণ মামলা করেন।
ধর্ষিতা শিশুটির মা জানান, তার মেয়ে বাড়ির বাইরে খেলার সময় অভিযুক্ত তাকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯৩৮ ঘ.
bdnews24