ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে আগ্রহীদের টাকা জমার সময় বেড়েছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২০ জুন) ছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। তবে এই সময়সীমা ১১ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এবার হজে যেতে আগ্রহীরা ১ জুলাই পর্যন্ত সরকার নির্ধারিত প্যাকেজের টাকা জমা দিতে পারবেন।
সরকারির মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও এবার হজের ন্যূনতম ‘প্যাকেজমূল্য’ ধরা হচ্ছে ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা।
হজযাত্রীদের জন্য আন্তর্জাতিক মোবাইল সিম
আগামী হজ মৌসুমে হজ ও ওমরাহ যাত্রীদের বিনামূল্যে আন্তর্জাতিক মোবাইল সিম কার্ড দেবে ইন্ট্রাকো লিমিটেড।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্ট্রাকো গ্রুপের পরিচালক এম এম মনির আহমেদ এ তথ্য জানান।
২১ জুন বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ইন্ট্রাকো লিমিটেডের ম্যাট্রিক্স ব্র্যান্ডের সিম ও ইন্টারনেট ডাটাকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান তিনি।
মনির বলেন, সৌদি আরবের মোবিলি টেলিকম ও ম্যাট্রিক্সের যৌথ উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের বিনামূল্যে মোবিলি সিম কার্ড বিতরণ করা হবে।
যাত্রার এক মাস আগেই তাদের এ সিম দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীরা তাদের পরিবার-পরিজনকে আগেই মোবাইল ফোন নম্বর জানিয়ে যেতে পারবেন এবং সৌদি আরব পৌঁছে কোনো ব্যয় ছাড়াই দেশে একটি কল করতে পারবেন।
মনির জানান, বিদেশযাত্রীরা দেশ থেকেই যে দেশে যাচ্ছেন সে দেশের ম্যাট্রিক্স সিম কার্ড দেশি মুদ্রায় সংগ্রহ করতে পারবেন। বিদেশে পৌঁছানোর পর এ সিম কার্ড ব্যবহার করে তারা দেশ-বিদেশে ফোন করতে পারবেন।
তিনি বলেন, এ সিম কার্ড ব্যবহারে রোমিং চার্জের তুলনায় শতকরা ৮০ ভাগ সাশ্রয়ীমূল্যে কল করা যাবে এবং এতে ইনকামিং কলের জন্য কোনো টাকা কাটা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/এএইচ/এমআই/২১৫১ ঘ.
bdnews24