২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন হুমায়ূন

এই লেখক বাসায় ফিরে বেশ প্রফুল্ল বোধ করছেন বলে জানিয়েছেন চিকিৎসার পুরোটা সময় তার সঙ্গে থাকা মুক্তধারার বিশ্বজিৎ সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রোপচারের আট দিনের মাথায় হাসপাতাল থেকে নিউ ইয়র্কের বাসায় ফিরেছেন হুমায়ূন আহমেদ। মঙ্গলবার বেলা ১২টায় (স্থানীয় সময়) ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে বাসায় ফেরেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক। গত ১১ জুন এই হাসপাতালেই বৃহদন্তের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূনের অস্ত্রোপচার হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। হুমায়ূনের চিকিৎসক জজ মিলার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেখকের মনোবল এতই দৃঢ় ছিল যে, রিকভারি ঘটেছে আশ্চর্যজনকভাবে। এতবড় একটি অস্ত্রোপচারের পর ৬৪ বছর বয়সি একজন মানুষের রিকভারি এভাবে ঘটবে বলে আমরাও আশা করিনি।” চিকিৎসার পুরোটা সময় লেখকের সঙ্গে থাকা মুক্তধারার বিশ্বজিৎ সাহা বলেন, “বাসায় ফেরার জন্য উদগ্রীব ছিলেন লেখক। আজ রিলিজ হওয়ায় তিনি বেশ প্রফুল্ল বোধ করছেন।” বাসায় ফেরার পরও হুমায়ূনকে কয়েক মাস চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। ২৫ জুন পুনরায় হাসপাতালে যেতে হবে তাকে, সেদিন চিকিৎসকরা তাকে দেখবেন। ক্যান্সারের চিকিৎসার জন্যে গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন নিউ ইয়র্কে আসেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন হুমায়ূন। অস্ত্রোপচারের আগে ম্যানহাটানের বিশ্ববিখ্যাত স্লোয়ান মেমোরিয়্যাল ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ১২টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। এরই মধ্যে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হিসেবে এই লেখককে নিয়োগ দেয় সরকার। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২১ ঘ.