চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা ট্যাবলেট দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাকে মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।
তিনি হলেন- চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আহম্মেদ নুর।
তার বিরুদ্ধে এক ব্যক্তিকে দিয়ে নগরীর দক্ষিণ খুলশী এলাকার ব্যবসায়ী মো. সাইফুদ্দিনের হাতে কৌশলে ইয়াবা ট্যাবলেট ধরিয়ে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, এএসআই আহম্মেদ নুর ও তার সহযোগীরা গত ৯ জুন জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কাছ থেকে অর্থ নিয়ে ব্যবসায়ী সাইফুদ্দিনকে নগরীর আগ্রাবাদ হোটেলের সামনে নিয়ে আসে। পরে এই পুলিশ কর্মকর্তা এক ব্যক্তিকে দিয়ে দু’শ’ ইয়াবা ট্যাবলেট ভর্তি সিগারেটের প্যাকেট কৌশলে সাইফুদ্দিনের হাতে তুলে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন।
এ ব্যাপারে পুলিশের উর্ধতন কর্মকর্তা বরাবর অভিযোগ করা হলে ঘটনা তদন্ত করে অভিযোগের সত্যতা মেলে।
ব্যবসায়ী সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী এলাকায় তার মালিকানাধীন ১৭ কাঠা জায়গা বেদখল নিয়ে জমির আলী ও রমজান আলীর সঙ্গে তার বিরোধ চলছিল। প্রতিপক্ষ জমির ও রমজান তাকে ফাঁসাতে গোয়েন্দা পুলিশের সহায়তা নেয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মেসা. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ
পেয়েছি। এ ঘটনায় পুলিশ মালেক ও মান্নান নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের বক্তব্যে এএসআই আহম্মেদ নুরের সম্পৃক্ততার বিষয়টি এসেছে।”
তিনি জানান, ওই পুলিশ সদস্যের নাম আসায় তাকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইতোপূর্বে অপর এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে সদ্য সাময়িক বরখাস্ত তিন গোয়েন্দা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
গত রোববার রাতে হেলাল উদ্দিন, নুরুজ্জামান ও ধীমান মজুমদার নামে নগর গোয়েন্দা পুলিশের ওই তিন উপ-পরিদর্শককে সাসপেন্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24