২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পুলিশের হাতে সাংবাদিক নাজেহাল

সড়ক দুর্ঘটনায় পা হারানো কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্রকে সংসদ ভবন এলাকায় পুলিশ হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় পা হারানো কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্রকে সংসদ ভবন এলাকায় পুলিশ হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আসাদগেট সংলগ্ন ফটক দিয়ে সংসদে ঢুকতে গেলে লুৎফর নামে এক পুলিশ সদস্য নিখিলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিখিল ভদ্র জানান, বিকেলে অধিবেশন কভার জন্য সংসদ এলাকায় ঢুকতে গেলে লুৎফর নামে ওই পুলিশ সদস্য তাকে বাধা দেয়। পরে সংসদ সচিবালয়ের সরবরাহ করা অধিবেশন পাস দেখালেও ঢুকতে না দিয়ে প্রায় ২০ মিনিট দাঁড় করে রাখা হয়। উল্টো ওই পুলিশ সদস্য তাকে ভেতরের অফিস থেকে পাস এনে ঢোকার জন্য বলেন। নিখিল বলেন, “এ অবস্থায় আমি সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক ও স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীনকে ফোন দিয়ে ওই পুলিশ সদস্যকে তার সঙ্গে কথা বলতে বলি। তবে লুৎফর কথা বলতে অপারগতা জানিয়ে বলেন- আমি কোনো জয়নালকে চিনি না। পারলে তাকে আসতে বলেন।” পরে আরেক সহকর্মী এসে নিখিলকে ভেতরে নিয়ে যান। সংসদের সার্জেন্ট অ্যাট আমর্স ক্যাপ্টেন ফারুক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে নিখিলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন সংসদে দায়িত্ব পালনরত সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১১৯ ঘ.