ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলমের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আগামী ২৪ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এম শাহ আলমকে আইন কমিশনের সদস্য হিসেবে পুর্ননিয়োগ দেওয়া হল।
এই পদে থাকা অবস্থায় শাহ আলম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমান সমর্যাদা ও বেতন-ভাতা ভোগ করবেন।
২০১০ সালের ২৪ অক্টোবর আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান শাহ আলম। এরপর থেকেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৯০০ ঘ.
bdnews24