দিনাজপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণের অর্থ পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তরা।
সোমবার দুপুর থেকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কার্যালয়ের প্রধান ফটকের সামনে ক্ষতিগ্রস্তরা পাঁচ দিনের অবস্থান কর্মসূচি পালন করছে।
ক্ষতিগ্রস্তদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন থেকে ক্ষতিপূরণের তিন কোটি টাকার চেক দেওয়ার প্রস্তাব এসেছে।
“আমরা প্রশাসনকে জানিয়েছি ক্ষতিপূরণের শতভাগ টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে,” বলেন তিনি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন কোটি টাকার বিপরীতে ৪০টি চেক হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, “বরাদ্দের পুরো টাকাই ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। মামলা, আপত্তি দাখিলসহ নানা সমস্যা রয়েছে। প্রশাসনে জনবল সংকটের কারণে এসব বিষয় দ্রুত নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এক্ষেত্রে প্রশাসন বসে নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬৫৬ ঘ.
bdnews24