গাজীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশে ৩ মাস পর গাজীপুরের কোনাবাড়ি ইউনিয়নে এক যুবদল নেতার লাশ কবর থেকে ওঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ইটাহাটা কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডুর উপস্থিতিতে ওই লাশ ওঠানো হয়।
দুলাল সরকার (৪৮) জাতীয়তাবাদী যুবদল কোনাবাড়ি ইউনিয়ন শাখার সহ-অর্থ সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম মাস্টারের সঙ্গে ঝুট ব্যবসা করতেন।
রেজাউল করিমের বিরুদ্ধে গত ১৪ মার্চ রাতে দুলাল সরকারকে বিষাক্ত মাদকদ্রব্য সেবন করিয়ে হত্যা করার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
জয়দেবপুর থানার এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ মার্চ বিকেলে দুলাল ব্যবসায়িক প্রয়োজেন রেজাউলের সঙ্গে দেখা করার জন্য বাসা থেকে বের হন। ওই দিন রাত ১০টার দিকে বাড়ি ফিরে দুলাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অ্যাপোলো হাসপতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ তিনি মারা যান।
এঘটনায় দুলালের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে কোনাবাড়ির রেজাউল করিম মাস্টার, গাজীপুরের রাজাবাড়ির মো. দেলোয়ার হোসেন ও নারায়ণগঞ্জের ফতুল্লার মামুন মিয়াকে আসামি করে ২৮ মে গাজীপুর আদালতে একটি মামলা করেন।
মামলার প্রাথমিক তদন্তে স্বাক্ষীদের স্বীকারোক্তিতে বিষাক্ত মাদকদ্রব্য পান করিয়ে হত্যার বিষয়টি প্রকাশিত হলে তদন্ত কর্মকর্তা পুনঃময়নাতদন্ত করতে লাশ ওঠানোর জন্য ৩১ মে আদালতের কাছে আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৫১ ঘ.
bdnews24