২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে মারধর: ৮ পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ

নরসিংদীতে বিচারককে মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার এই পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নরসিংদী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বিচারককে পেটানোর মামলায় পুলিশের আট সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এই পরোয়ানা জারি করেন। ওই আট জন হলেন- গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মন্ডল, নায়েক মো. আবদুস সালাম এবং কনস্টেবল কফিল উদ্দিন, মো. মোখলেসুর হোসেন, মো. মাহবুবুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও সঞ্জয় কুমার। গত ১০ জুন জেলা জজ আদালতের মূল ফটক দিয়ে ঢুকতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখকে দায়িত্বরত পুলিশ সদস্যরা মারধর করে। এ ঘটনায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. রাকিবুল হাসান গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মন্ডলসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরো আট পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনার পর বিষয়টি তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই মঙ্গলবার পুলিশের আট সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান নরসিংদী আদালত পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম। এর আগে গত ১১ জুন ওই ঘটনায় নায়েক আবদুস সালাম, নায়েক রুহুল আমিন ও কনস্টেবল কলিমউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬১১ ঘ.