ফেনী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।
মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ হারুনুর রশিদ এ রায় দেন।
দণ্ডিত সাইফুল ইসলাম সদর উপজেলার চরকালিদাস গ্রামের নেছার আহাম্মদের ছেলে। তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফেনীর অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে ২০০৯ সালের ৮ জানুয়ারি ১১ মাস বয়সী মেয়ে মারজাহান আক্তার রুপাকে শ্বাসরোধে হত্যা করে সাইফুল।
একই দিন তার স্ত্রী লায়লা আক্তার রুনা বাদি হয়ে ফেনী থানায় একটি মামলা করেন।
“মামলার তদন্ত কর্মকর্তা সাইফুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিলে সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত”, বলেন পিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০৩ ঘ.
bdnews24