নারায়ণগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলার গোপালদি পৌরসভার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবদুল আজিজ (৩২)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের মা রোকেয়া বেগম অভিযোগ করেন, ছেলে আব্দুল আজিজকে চোর আখ্যা দিয়ে একই গ্রামের রূপচাঁন মিয়া, তার দুই ছেলে সাদ্দাম, ডালিম ও ভাতিজা সেকান্দর পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি উত্তরপাড়া গ্রামের সুন্দর আলীর মেয়ে লতিফাকে দ্বিতীয় বিয়ে করেন আবদুল আজিজ। এ নিয়ে আজিজের সঙ্গে প্রথম স্ত্রীর পরিবারিক কলহ দেখা দেয়। তিনদিন আগে আজিজ তার দ্বিতীয় স্ত্রী লতিফাকে তালাক দেন।
এ ঘটনায় লতিফার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ৩টার দিকে বাড়ি ফেরার পথে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আজিজকে হত্যা করে।
তবে লতিফার স্বজনরা অভিযোগ করেছেন, আজিজ ঘরে চুরির জন্য ঢুকতে গেলে লোকজন তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা কাশেম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭১৪ ঘ.
bdnews24