সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামানের মুক্তির দাবিতে সিলেট জেলায় আধা বেলা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে।
সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের ডাকে বেলা ২ টা পর্যন্ত এ হরতাল চলে।
সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। আটক করা হয় ২ জনকে।
এ সময় হরতালকারীদের ঢিলের আঘাতে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান আহত হন।
এর কিছুক্ষণ পর চৌহাট্টা এলাকাতেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। এ সময় আটক করা হয় আরো দুজনকে।
আটককৃতরা হলেন-রিপন আচার্য, হারুন অর রশিদ, বদরুল আজাদ রানা ও নুরুজ্জামান তালুকদার।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “হরতালে বড় কোনো গোলযোগ হয়নি। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ তৎপর ছিল।”
আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। পাশাপাশি চলে র্যাবের টহল।
সকাল থেকে বৃষ্টির মধ্যে শহরে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল।
হরতালের কারণে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা। সকালে বেশিরভাগ দোকানপাটও বন্ধ থাকলেও দুপুর ১টার পরই তা খোলা দেখা গেছে।
সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সিলেট স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন দিনার গত ৩ এপ্রিল ঢাকা থেকে ‘নিখোঁজ’ হন হওয়ার পর একটি মামলা করেন তার স্ত্রী প্রিসিলা পারভিন পিংকী।
ওই মামলায় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সামসুজ্জামানকে সোমবার কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/আরএ/১৪০৮ ঘ.
bdnews24