যশোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর গণআত্মাহুতিসহ সব কর্মসূচি স্থগিত করেছেন মনিরামপুরের জোরারাধার (টিআরএম) বিরোধী স্থানীয় বাসিন্দারা।
সোমবার রাতে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠকের পর তারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানান।
আন্দোলনকারীদের নেতা বালিধা গ্রামের আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সভায় তারা টিআরএম বাতিলসহ তিন দফা দাবি তুলে ধরেছেন। ওই দাবি পূরণের আশ্বাসও মিলেছে।
তাদের দাবির মধ্যে রয়েছে, ভবদহ এলাকার কৃষকদের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা প্রত্যাহার এবং আটক সব আসামির মুক্তি, ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান।
আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে কাদের জানান।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি আন্দোলনকারীদের বক্তব্য শুনেছেন এবং তাদের দাবি সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়েছেন।
দাবি দাওয়াগুলো লিখিত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তার কাছে পাঠাতে বলেছেন তিনি।
“এলাকাবাসীকে বলেছি, টিআরএম প্রকল্পের মেয়াদ একবছর বাড়ানো হয়েছে। তবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সরকার এখানে কিছু করবে না,” বলেছেন জেলা প্রশাসক।
তিনি জানান, সার্বিক বিষয়টি তিনি সরকারের উচ্চপর্যায়ে লিখিত আকারে জানাবেন এবং শক্তিশালী একটি টিমকে এই এলাকায় পাঠাতে অনুরোধ জানাবেন।
আপাতত কোনো ধরনের আন্দোলন না করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান নেহালপুর কলেজিয়েট স্কুলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।
মরিরামপুর উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানও বৈঠকে ছিলেন।
যশোরে মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্প (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) বাতিলের দাবিতে গ্রামবাসীদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এরই এক পর্যায়ে গত ২ জুন জোয়ারাধার প্রকল্পের সীমানা নির্ধারণ করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব। ওই ঘটনায় মামলা হয়।
এরপর থেকে আন্দোলন তীব্র করেন স্থানীয়রা। কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে তিন গ্রামবাসী ‘প্রতীকী’ বিষপান করেন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে তাদের সারিয়ে তোলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০০ ঘ.
bdnews24