ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারে সড়ক ভবনে গুলির ঘটনায় তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরো সময় দেওয়া হয়েছে।
গত ১২ জুন সড়ক ভবনে গুলিতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ পাঁচ জন আহত হন। দরপত্র পেতে আধিপত্য প্রতিষ্ঠায়ই ওই গুলির কারণ বলে কর্মচারীরা বলে আসছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লঙ্করের নির্দেশে সোমবার সন্ধ্যায় তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তরা হলেন- অফিস সহকারী ও শ্রমিক লীগের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিন, ক্যাশ সরকার ফজলুর রহমান এবং স্টোরকিপার আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ ঘটনার পরপরই গ্রেপ্তার হন। ওই ঘটনায় কালামসহ চারজনের নাম উল্লেখসহ ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছেন গোলাম আযম মামুন নামে ঠিকাদার।
গোলাগুলির ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তদন্ত কমিটির প্রধান সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী সোমবার মন্ত্রণালয়ের কাছে আরো দু’দিন সময় বাড়ানোর আবেদন করেন।
মন্ত্রণালয় তাদের সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে আগামী বুধবার পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় দিয়েছে। আগামী বুধবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমকে/এমআই/২১১৪ ঘ.
bdnews24