কুমিল্লা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পনেরো বছর পর কুমিল্লা জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
রোববার রাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিক স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
সংগঠনটির সদ্য বিদায়ী জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে জেলা নেতারা ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়ার অনুরোধ জানান।
এরপর কমিটি বিলুপ্তির চিঠি পাঠানো হয়।
আলোচনায় সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানক ও সাধারণ সম্পাদক মীর্জা আযম উপস্থিত ছিলেন।
এর আগে জেলা যুবলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন বলে জানান মঞ্জুর মোর্শেদ।
১৯৯৭ সালের ডিসেম্বরে শাহীনুল ইসলাম শাহীনকে সভাপতি এবং সম্পাদক মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৯ ঘ.
bdnews24