বগুড়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদর উপজেলায় একটি গ্রামে আরো তিনজনের দেহে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত করা হয়েছে।
সোমবার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামে এ সংক্রমণ শনাক্ত হয় বলে জানান সিভিল সার্জন খলিলুর রহমান।
রোববার একই গ্রামে আরো ৯ জনের দেহে অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত করা হয়।
একটি অসুস্থ গরুর মাংস খাওয়ার পর গ্রামের লোকজনের দেহে অ্যানথ্যাক্সের লক্ষণ ধরা পড়ে।
বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, দুপুরে একটি মেডিক্যাল টিম নামাবালা গ্রামে আরো তিন জনের দেহে অ্যানথ্যাক্সের জীবাণু শনাক্ত করে। এদের মধ্যে দুই জনকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম ওই গ্রামে কাজ করছে বলে জানান সিভিল সার্জন।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক সাইদুর রহমান বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত এক নারীকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার শনাক্ত হওয়া ৯ জনও হাসপাতালে ভর্তি হন বলে জানান সাইদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24