ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের মতো বাংলাদেশে বিচার বিভাগ এবং পার্লামেন্ট ও শাসন বিভাগ মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না, এ কথা বলেছেন স্পিকার আবদুল হামিদ।
হাই কোর্টের বিচারক এ এইচ এম শামসুদ্দিনের এক বক্তব্য কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার সংসদে দেওয়া রুলিংয়ে একথা বলেন স্পিকার।
পাকিস্তানে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে অপসারণের পর শাসন বিভাগ ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়।
এরপর সামরিক শাসক পারভেজ মুশাররফ পদত্যাগে বাধ্য হলে নির্বাচিত সরকার গঠনের পরও তার রেশ রয়েছে।
স¤প্রতি বিচার বিভাগ দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকেও তলব করে।
আবদুল হামিদ বলেন, “সংসদ সম্পর্কে জনৈক মাননীয় বিচারপতির কিছু অসৌজন্যমূলক মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণপ্রসূত উক্তি। পুরো বিচার বিভাগকে এর সঙ্গে জড়ানো ঠিক হবে না। আমাদের সকলকে মনে রাখতে হবে বর্তমানে এদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ। আবারো বলছি- বাংলাদেশ।”
তিনি আশা করছেন, বিচারকের আচরণে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ব্যাহত হবে না।
ওই বিচারকের মন্তব্যের বিষয়ে প্রধান বিচারপতি পদক্ষেপ নেবেন বলে আশা রেখেছেন স্পিকার। পাশাপাশি বিচারককে অপসারণে সংসদে উত্থাপিত প্রস্তাব তুলে নিতে তিনি সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৯ ঘ.
bdnews24