২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে বিকল্প ব্যবস্থায় আন্তর্জাতিক টেলিযোগাযোগে বাংলাদেশ

ভারতীয় টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে আগামী জুলাই থেকে বিকল্প ব্যবস্থায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে আগামী জুলাই থেকে বিকল্প ব্যবস্থায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সপ্রাপ্ত ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি জানিয়েছে, টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত হতে তাদের প্রস্তুতি শেষের দিকে। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যায় বলে টেলিযোগাযোগসহ অন্যান্য খাত ক্ষতির মুখে পড়ে। সম্প্রতি সিঙ্গাপুরে সাবমেরিন কেবল কাটা পড়ায় বাংলাদেশের ব্যবহারকারীরা ইন্টারনেটের স্বাভাবিক গতি পাচ্ছেন না। ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে আগামী মধ্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করলে দেশে ইন্টারনেট আরো সহজলভ্য হবে এবং গ্রাহকরাও সুবিধা পাবে। বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গত জানুযায়ি মাসে ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর নীতিমালা অনুযায়ী, লাইসেন্স পাওয়ার ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে হবে। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মাসের শুরুতেই কাজ শুরু করা সম্ভব হবে। বেনাপোল পর্যন্ত সংযোগের কাজ এবং ভারতের দিক থেকেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমিত পেলেই সংযোগ দেওয়া সম্ভব হবে। নভোকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইটিসি সংযোগের জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। ভারতের প্রতিষ্ঠানগুলোর কিছু অনুমতি বাকি রয়েছে. তবে আগামী মাসের মধ্যে সংযোগ সম্ভব হবে বলে আশা করছি আমর।” ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ থেকে সব প্রস্তুতি স¤পন্ন হয়েছে, ভারতের যেসব প্রতিষ্ঠান এই সংযোগ দেবে তারা এখনো তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পায়নি। তবে আগামী মাসেই আইটিসি সেবা চালু করা যাবে বলে আশাবাদী মাসুদ কবির। বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক হেলাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু ভারতের পক্ষ থেকে অনুমতি পেলেই সেবা শুরু করা যাবে।” ওয়ান এশিয়া-এএইচএলজেভির ব্যবস্থাপনা পরিচালক মো. বদরুল আলম বলেন, প্রতিষ্ঠানের কারিগরি প্রধানের সঙ্গে আলোচনা করে তিনি বিষয়ে জানাতে পারবেন। সামিট কমিউনিকেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামিটের সাথে চুক্তিবদ্ধ ভারতের এয়ারটেল, রিলায়েন্স ও ভোডাফোন এখনো তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পায়নি। “এ কারণে লাইসেন্স নীতিমালা অনুযায়ী আগামী মাসে আটিসি কার্যক্রম শুরু করা সম্ভব না হলে বিটিআরসির কাছ থেকে সময় চেয়ে আবেদন জানানো হবে।” বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স পাওয়ার ছয় মাসের মধ্যে আইটিসি প্রতিষ্ঠানগুলোর কাজ শুরু করার কথা রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করলে তাদের যুক্তি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮৪৫ ঘ.