২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় সমিতির ব্যাংকিং বন্ধে আইন সংশোধন

কোনো সমবায় সমিতি যেন অবৈধ ব্যাংকিং করতে না পারে, সেজন্য আইনে সংশোধন আনা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো সমবায় সমিতি যেন অবৈধ ব্যাংকিং করতে না পারে, সেজন্য আইনে সংশোধন আনা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “সমবায় সমিতি-২০০১ আইনের সংশোধনী প্রক্রিয়াধীন আছে। সেখানে ব্যাংকিং কার্যক্রম আদৌ যাতে না করতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে।” সমবায় সমিতি গঠন করে বিভিন্ন স্থানে ব্যাংকিং কার্যক্রম চালানো হচ্ছে, যা অবৈধ। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালালে সর্বোচ্চ সাত বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে সমবায় সমিতি আইন সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করেছে মন্ত্রিসভা। লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ডেসটিনি ২০০০ লিমিটেড সমবায় অধিদপ্তরের নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান নয়। “তবে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় অধিদপ্তরের ২০০৫ সালে নিবন্ধিত একটি আর্থিক প্রতিষ্ঠান,” যোগ করেন তিনি। মন্ত্রী জানান, অবৈধভাবে ব্যাংকিং পরিচালনাসহ অন্যান্য অনিয়ম সম্পর্কে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধকের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের জবাবে আশরাফ বলেন, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি বা বহুমুখী সমবায় সমিতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমবায় অধিদপ্তরের সমিতি আইন ও বিধির আলোকে নিবন্ধন দেওয়া হয়। সমবায় সমিতির নাম দিয়ে কোনো কোম্পানি করার সুযোগ নেই। মন্ত্রী বলেন, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে যে সব সমিতি অবৈধ শাখা খুলে কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে তথ্য পাওয়া মাত্র তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে আশরাফ জানান, সাত মাত্রার ওপর ভূমিকম্প হলে ঢাকা শহরের ৭২ হাজার ভবন এবং ৮০০ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮২৫ ঘ.