ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সরাসরি বিমান চলাচলের জন্য নতুন করে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিমান চলাচলের জন্য ১৯৭৭ সালে একটি চুক্তি হয়। কিন্তু সেটি অনেক পুরনো ও বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। এজন্য নতুন করে চুক্তি করার প্রয়োজন হয়ে পড়েছে।”
প্রস্তাবে এ চুক্তির জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ রাখা হয়নি। উভয় দেশই চাইলে এ চুক্তি সংশোধন কিংবা নোটিস দিয়ে তা বাতিল করতে পারবে বলে জানান সচিব।
তিনি বলেন, চুক্তি হলে তার অধীনে বাংলাদেশ বিমান, জিএমজি ও ইউনাইটেড এয়ার এবং মিয়ানমার এয়ারওয়েজ ও এয়ার বাগান দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিচালনা করতে পারবে।
সপ্তাহে যাত্রীবাহী সাতটি ও মালামালবাহী চারটি কার্গো বিমান চলাচল করতে পারবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে। বিমান চলাচলের ক্ষেত্রে দেশ দুটির অভ্যন্তরীণ নিয়ম ও আন্তর্জাতিক বিধিমালা প্রযোজ্য হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪২ ঘ.
bdnews24