২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলের নির্বাচন ১৮ জুলাইয়ের মধ্যে

নতুন তফসিল ঘোষণা করে ১৮ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন তফসিল ঘোষণা করে ১৮ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বার কাউন্সিলের একটি আবেদনের নিস্পত্তি করে বিচারপতি এসকে সিনহার বেঞ্চ এই আদেশ দেন। আদেশে পর অতিরিক্ত অ্যাটোর্নি জেনারেল এমকে রহমান সাংবাদিকদের বলেন, “পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে ১৮ জুলাইয়ের মধ্যে এ নির্বাচন করতে বলেছেন আদালত।” বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার বলেন, “নতুন তফসিলের বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে।” আগের ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৮ মে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনে হাইকোর্ট গত ২৬ এপ্রিল এ নির্বাচন স্থগিত করে দেয়। ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়। পরে বার কাউন্সিলের এক আবেদনে গত ৩০ এপ্রিল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পাশাপাশি নির্বাচনের ১৫ দিন আগেই ভোটার তালিকা সংশোধন করতে বলেন তিনি। পরে আপিল বিভাগের নির্দেশনা অনুসারে গত ২০ মে ওই রিটের নিস্পত্তি করে রায় দেয় হাইকোর্ট। ১০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে ২০ জুনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর আরেক রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ৫ জুন এ নির্বাচনের ওপর আবারো স্থগিতাদেশ দেয়। বার কাউন্সিল আইন অনুযায়ী ৩১ মের মধ্যে এ নির্বাচন করতে না পারার ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চায় আদালত। কিন্তু বার কাউন্সিল এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি এসকে সিনহার বেঞ্চ বিষয়টির নিস্পত্তি করে ১৮ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের এই আদেশ দিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৩৪৫ ঘ.