২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

চুক্তি স্বাক্ষর ও ঋণ নেওয়ার ক্ষমতা দিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তি স্বাক্ষর ও ঋণ নেওয়ার ক্ষমতা দিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২’-এর এই খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এই আইনের অধীনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা এবং এ ধরনের জ্বালানির উন্নয়নে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। এতে একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্য থাকবেন। “এই কর্তৃপক্ষ যে কোনো পক্ষের সঙ্গে চুক্তি করার অধিকার পাবে এবং ঋণ নেওয়ার ক্ষমতা রাখবে। এ কারণে এ আইনটি একটি অর্থ আইন হিসাবে বিবেচিত হবে।” মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে দেশে তেল ও কয়লাসহ যেসব জ্বালানি ব্যবহৃত হচ্ছে- পরিবেশের ওপর সেগুলোর ক্ষতিকর প্রভাব রয়েছে। এ কারণে পরিবেশবান্ধব টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সহজলভ্য করা, এর ব্যবহার বাড়ানো এবং পুরো বিষয়টিকে একটি আইনি কাঠামোর মধ্যে আনতেই এ কর্তৃপক্ষ গঠনের আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইনের অধীনে যে কর্তৃপক্ষ গঠন করা হবে, তাদের নিজস্ব বাজেট প্রণয়ন, ঋণ গ্রহণ ও চুক্তি করার ক্ষমতা থাকবে। সরকারি-বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্টদেরও এই কাঠামোতে রাখা হবে। প্রস্তাবিত আইনের সাতটি ধারার মধ্যে প্রথম ধারায় সংজ্ঞা, দ্বিতীয় ধারায় কর্তৃপক্ষ গঠন, তৃতীয় ধারায় পরিচালনা পর্ষদ গঠন, চতুর্থ ধারায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও তাদের ক্ষমতা, পঞ্চম ধারায় কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও নিরীক্ষা সম্পাদন, ষষ্ঠ ধারায় তহবিল প্রতিষ্ঠা ও পরিচালনা এবং সপ্তম ধারায় বিধি প্রণয়নের ক্ষমতার বিষয়ে বলা রয়েছে। সচিব জানান, ১৭ থেকে ২৩ মে ব্যাংককে অনুষ্ঠিত ইউএনএসকাপ-এর বার্ষিক অধিবেশনে যোগ দেওয়া প্রতিনিধিদল এবং ১৭ থেকে ২০ এপ্রিল গ্যাবনের রাজধানী লিবরাভেলে তথ্যমন্ত্রীদের নবম ইসলামিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩০৫ ঘ.