ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং এক প্রতিবেদককে তলব করেছে হাই কোর্ট।
আগামী ১২ জুলাই তাদের আদালতে হাজির হতে হবে। ওই দিন তাদের বিরুদ্ধে আদালত অবমামনার অভিযোগে কেন শাস্তিমুলক ব্যাবস্থা নেওয়া হবে না- তাদেরকে এর কারণ দর্শাতে হবে।
রোববার পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে প্রতিবেদনটির অংশবিশেষ পড়ে শোনান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শীর্ষক ওই প্রতিবেদনটির একটি অংশে বলা হয় ‘গত সপ্তাহে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে একাধিক ক্ষুব্ধ সংসদ সদস্য ও সংশ্লিষ্ট বিচারপতির মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়েছে। এছাড়া এ সময়ে স্পিকারের সঙ্গেও তাদের এক প্রকার সমঝোতা হয়েছে। যার ফলে স্পিকার এ বিষয়ে আর রুলিং দিচ্ছেন না এমনটাই শোনা যাচ্ছে।’
এ বিষয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, “ভারতের বিদায়ী ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য এর সম্মানে গত সপ্তাহে দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু সাহেব নিমন্ত্রণ দিয়েছিলেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সহ আরো প্রায় ২০জন অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাচক্রে সেখানে একজন সংসদ সদস্যও ছিলেন। কিন্তু তার সাথে আমার কোন কথা হয়নি।”
“এধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে আমন্ত্রিত সকলকে অপমান করা হয়েছে। এটি মিথ্যাচার এবং ভিনটিকটিভ জার্নালিসম, ইয়েলো জার্নালিসমের উদাহরন।”
এরআগে বিচারপতি শামসুদ্দিন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে আদালতে ডেকে পাঠান।
ব্যারিস্টার রোকন আদালতে বলেন, “এই (আমার দেশ) পত্রিকাটি অতীতেও কোশ্চেনেবল রিপোর্ট প্রকাশ করেছিলো। এ ধরনের প্রতিবেদন শুধু মিথ্যাচারই নয়, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এরপর বিচারপতি শামসুদ্দিন বলেন, “বিচারপতি শামসুদ্দিন মানিক কারো সাথে সমঝোতা করে না, করতেও শেখেনি। কোনো পরিস্থিতিতেই নয়।”
আদালতে উপস্থিত অপর এক আইনজীবী জেড আই খান পান্না বলেন, “কিছু মানুষ সংবাদপত্রের স্বাধীনতার অপব্যঅবহার করছে। এদের লক্ষ আপনি (শামসুদ্দিন) নন বরং প্রতিষ্ঠঅনকে হিউমিলিয়েট করা হচ্ছে।”
এরপর বিচারপতি শামসুদ্দিন বলেন, “বিষয়টি আনপ্রটেস্টেড যেতে পারে না। তাই আমাকে রুল ইস্যু করতেই হচ্ছে। কনটেন্ট ইস্যু না করলে দেশের মানুষ ধরে নেবে এটাই সত্য।”
এ সময়ের মধ্যে ঘটনার বিষয়ে তদন্ত করে সত্য প্রতিবেদন প্রকাশের নির্দেশ দেন আদালত। এছাড়া রায়ের কপি আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল কবীর এবং দেবপ্রিয় ভট্টাচার্যকে সরবরাহ করতে বলা হয়েছে।
গত ২৯ মে সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আদালতের রায়ে ক্ষুদ্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
এই বক্তব্যের সমালোচনা করে শামসুদ্দিন চৌধুরী গত ৫ জুন আদালতে বলেন, “তিনি (স্পিকার) জনগণকে সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।”
সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য হিসেবে বিচার বিভাগ স¤পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও প্রশ্ন তোলেন এই বিচারপতি।
এরপর সন্ধ্যায় সংসদ অধিবেশনে ওই বিচারকের সমালোচনায় মুখর হন সরকারি জোটভুক্ত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, মঈনউদ্দিন খান বাদল ও মুজিবুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৪১ ঘ.
bdnews24