বগুড়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরের একটি গ্রামে নয় জনের দেহে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
রোববার দুপুরে শাখারিয়া নামাপাড়া গ্রামের এই ব্যক্তিদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরেই আক্রান্তরা জ্বর ও গায়ের ব্যথায় ভুগছিলেন। এক পর্যায়ে তাদের গায়ে ফোসকা পড়ে। স্থানীয়ভাবে ওষুধ খেয়ে কাজ না হওয়ায় রোববার তারা হাসপাতালে আসেন।
বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অসুস্থ গরুর মাংস খাওয়ার পর শাখারিয়া নামাপাড়া গ্রামের কয়েকজনের দেহে অ্যানথ্রাক্সের সংক্রমণ হয়।
তিনি আরো বলেন, ডা. রফিকুল ইসলাম ও ডা. নুরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন।
এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান সিভিল সার্জন।
গ্রামের লোকজন জানায়, সোমবার গ্রামের কয়েকজন একটি অসুস্থ গরুর মাংস খায়। মঙ্গলবার থেকে তাদের জ্বর ও গায়ে ব্যথা শুরু হয়। হাতে ফোসকা পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কাজ না হওয়ায় হাসপাতালে ভর্তি হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৪ ঘ.
bdnews24