২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের ১৩ ইউনিয়নে বন্যা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের ১৩ ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

হবিগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের ১৩ ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়ন বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও বন্যার কবলে পড়েছে মাধবপুর উপজেলার তিন ইউনিয়নের মানুষ। হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, চুনারুঘাটের ১০টি ইউনিয়নের ৬০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া মাধবপুরের নোয়াপাড়া, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নে এক হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর তাদের ত্রাণ ও পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। শনিবার বিকালে জেলা প্রশাসক মাহমুদ হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল আলম সাংবাদিকদের বলেন, খোয়াই নদীর পানি বিপদসীমার ৩ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় দুই উপজেলার ৯টি সেতু বিধ্বস্ত হয়েছে। শহর প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দেওয়ায় অন্তত পাঁচটি জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আউস ফসলের ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, বাঁধের ভাঙ্গন ঠোকাতে প্রায় ৬০ হাজার বস্তা বালু মজুদ রাখা হয়েছে। এলাকাবাসী জানান, সদরের খোয়াই নদী সংলগ্ন জয়নগরে দুটি রাস্তা, লাখাইয়ের চড়গাঁও ও হিয়ালারকান্দি, বানিয়াচংয়ের মোহনপুর, বড়কান্দি ও রাধাপুরের নদী পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/সিএস/ডিডি/১৯৩৩ ঘ.