সিলেট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগের দাবিতে সিলেট-তামাবিল সড়ক একঘণ্টার বেশি সময় অবরোধ করেছে জৈন্তাপুরের হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট তামাবিল সড়কের চিকনাগুল এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কলেজ কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নেয়।
এর আগে বেলা ১১টায় তারা কলেজের শ্রেণিকক্ষসহ শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দিলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষকরা।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা কলেজে তালা লাগিয়ে বিক্ষোভ করছে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় দুপুর ১টার দিকে শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে তারা বেরিয়ে আসেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের জৈন্তাপুরের হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে ইংরেজি বিভাগে শিক্ষক নেই।
শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার সকালে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর স্বারকলিপি দেয় তারা। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কোনো আশ্বাস না পাওয়ায় ১২টার দিকে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭২৯ ঘ.
bdnews24