ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কুয়েত।
বাংলাদেশে নিয়োজিত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম এস আল-দাফিরি রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান।
কুয়েতি রাষ্ট্রদূত বলেন, বিমান পরিবহন ও পর্যটন খাত বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। এতে বিনিয়োগ দু’দেশের পারস্পরিক সম্পর্ককে আরো গভীর করবে।
মন্ত্রী কুয়েতি কর্তৃপক্ষের এ আগ্রহকে স্বাগত জানান এবং এই দু’টি খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
এ সময় ফারুক খান কুয়েত ফান্ড থেকে বাংলাদেশে বিনিয়োগ করতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
জবাবে রাষ্ট্রদূত মন্ত্রীকে আশ্বাস্ত করে বলেন, সুনির্দিষ্ট প্রস্তাব পেলে কুয়েত এ ধরনের প্রস্তাব বিবেচনা করবে।
বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ জনশক্তি নেওয়ার বিষয়টিও কুয়েত সচেতনভাবে বিবেচনা করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭১২ ঘ.
bdnews24