সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা অস্থিরতার কারণে মালিকরা আশুলিয়ায় সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার পর রোববারও প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশের পরিদর্শক মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা বন্ধের প্রতিবাদ ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল ৯টার দিকে ইউনিক বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিলে সাড়ে ১১টার দিকে যান চলাচল আবার স্বাভঅবিক হয়।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। সড়কের জামগড়া ও শিমুলতলা পয়েন্টেও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়িও ভাংচুর করে।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে টানা অস্থিরতা চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। কেবল শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন। সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও অস্থিরতা থামেনি।
শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাতের পর আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। পাশাপাশি সারাদেশের পোশাক কারখানা বন্ধেরও হুমকি দেয় তারা।
লিখিত বক্তব্যে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “চলমান পরিস্থিতিতে ব্যক্তি ও শিল্প উভয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত অপারগ হয়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩ এর ১ ধারায় অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছি।”
একই সঙ্গে এ শিল্পের সুস্থধারা ও নিরাপত্তা নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, “এ শিল্পকে অস্থির করার জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কারখানা খোলা সম্ভব হবে না। প্রয়োজনে সারা বাংলাদেশের পোশাক কারখানা বন্ধ করে দিতে আমরা বাধ্য হবো।”
দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪৬ ঘ.
bdnews24