ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
প্রধানমন্ত্রী এক শোকবাণীতে বলেন, সৌদি যুবরাজের মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। দু’দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের ক্ষেত্রে তার অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
তিনি যুবরাজের রুহের মাহফিরাত কামনা করেন এবং সৌদি আরবের জনগণের প্রতি সমবেদনা জানান।
সুইজারল্যান্ডের জেনেভায় যুবরাজের মৃত্যু হয় বলে শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসের শেষ দিকে সুইজারল্যান্ড যান ৭৮ বছর বয়সী যুবরাজ নায়েফ। সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯০১ ঘ.
bdnews24