পাবনা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমানের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে পাবনার শহীদ এম মনসুর আলী কলেজে পাবনার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় হামলার বিষয়ে বিস্তারিত জেনে তিনি জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে ফোন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ করেন।
পরে নাসিম সাংবাদিকদের বলেন, “সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে সরকারের সুনাম নষ্ট হয়। একটি স্বাধীন দেশে এ অবস্থা চলতে পারে না।”
এসময় পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক এমপি গোলাম হাসনায়েন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, পাবনা প্রেসক্লাব সম্পাদক আহমদ উল হক রানা ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু উপস্থিত ছিলেন।
গত ১৯ মে দুপুরে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের শিক্ষক ডরমেটরির সামনে ৭/৮ জন সন্ত্রাসী পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৬২৬ ঘ.
bdnews24