গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হন আরো ১৭ জন।
নিহতরা হলেন, কুড়িগ্রামের আমজাদ হোসেন (২৫) ও নরসিংদীর মনোরহরদী কামরুজ্জামান (২৮)।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি মিনিবাস একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল চালক কামরুজ্জামান।
এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুরের উত্তরে বিমান অফিসের কাছে যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার হেলপার আমজাদ হোসেন ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া মহাসড়কের টঙ্গীর আশ্রাফ সেতু এলাকায় ভিআইপি ২৭ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তায় উল্টে পড়ে ১৭ জন যাত্রী আহত হন বলে টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ মঈন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১১ ঘ.
bdnews24