২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসী’ নারীদের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত দাবি

ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:00 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক নামে একটি সংগঠন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মিনু ম্রং এ দাবি করেন। তিনি বলেন, “শুধু চলতি বছরের জুন পর্যন্ত ১৭ আদিবাসীকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে সাত বছরের শিশু সাগরী ওঁরাও ও ১১ বছরের সুজাতা চাকমাকে ধষর্ণের পর হত্যা করে দুর্র্বৃত্তরা। আমরা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। পাশাপাশি তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।” সুজাতা ও সাগরী হত্যা ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মিনু ম্রং। সংবাদ সম্মেলনে ওই সংগঠনের সদস্য নিশি দেওয়ান দাবি করেন, শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় আদিবাসী নারীদের নিরাপত্তাহীনতার অবসান ঘটেনি। এক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন এই মানবাধিকারকর্মী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী ও বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য হুমায়রা খাতুন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/১৭৩৭ ঘ.