২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ থামাতে গিয়ে মাথা ফাটল ডিসির

বিদ্যুতের দাবিতে বিক্ষোভরত জনতাকে শান্ত করতে গিয়ে হামলায় আহত হয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:56 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কুড়িগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে বিক্ষোভরত জনতাকে শান্ত করতে গিয়ে হামলায় আহত হয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কে পাঁচপীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। মাথায় আঘাত পাওয়ায় হাবিবুর রহমানকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম। স্থানীয়রা জানায়, তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে গত সাতদিন ধরে বিদ্যুৎ পাচ্ছিল না পাঁচপীর এলাকার মানুষ। তাই বিদ্যুৎ দাবিতে তারা সড়ক অবরোধ করে। জেলা প্রশাসক চিলমারী যাওয়ার পথে অবরোধস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়। জেলা প্রশাসককে লাঠি দিয়ে আঘাত করলে তাকে বাঁচাতে দেহরক্ষীরা ছুটে যায়। তখন জনতার হামলায় কনস্টেবল মাসুদও আহত হন বলে কর্মকর্তারা জানান। মাসুদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), রফিকুল (৩৩), লাল মিয়া (২৮), ফজলুল হক (৩০), আলাল উদ্দিন (২৫) ও আব্দুল হালিম (২৮)। জেলা প্রশাসকের শারীরিক অবস্থার খবর জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল সাংবাদিকদের বলেন, “তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৬ ঘ.