২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুরেও শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত সিনহা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সাত পুলিশসহ অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:54 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত সিনহা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সাত পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। শ্রমিকদের অবরোধে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সকাল ১০টার দিকে তারা রাস্তায় নেমে আসে। দুপুর সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে তুলতে চাইলে সংঘর্ষ বেঁধে যায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন শিল্প পুলিশ-৪ এর পরিচালক মো. মাহবুবুল আলম। স্থানীয়রা জানান, সংঘর্ষে প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, সড়ক থেকে হটিয়ে দেওয়ার পর সিনহা শ্রমিকেরা তাদের কারখানার ভেতরে অবস্থান নেয়। কারখানার ফটকে পুলিশ অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানান। সোনারগাঁও থানার ওসি হারন অর রশিদ জানান, পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ শুরু হওয়ার পর একই দাবিতে বিক্ষোভে নামে সিনহা গ্রুপের শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.