সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরনি এলাকায় সেতু ভাঙার পর থেকে সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
ওই বেইলি সেতু মেরামতে কাজ শুরু হয়েছে জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে, চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
শুক্রবার রাত ৯টার দিকে ওই সেতু ভেঙে পাথবোঝাই ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়।
রাতে উদ্ধার অভিযানে একজনের লাশ উদ্ধার করা হয়। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরুও তোড়জোড় চলছে।
কোম্পানিগঞ্জ উপজেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় আটকা পড়েছে শত শত পাথরবোঝাই ট্রাক।
সড়ক ও জনপথের সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেইলি সেতুটি দুই লেনবিশিষ্ট ছিল। বর্তমানে এক লেনবিশিষ্ট সেতু স্থাপনের কাজ শুরু হয়েছে। আশা করছি ২-৩ দিনের মধ্যে সেতুর কাজ শেষ হবে।”
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে তা রাত সাড়ে ১২টা অবধি চলে। তখন উদ্ধার করা হয় আব্দুল হকের (৪০) লাশ। তার বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার ঘোড়ামারা এলাকায়।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে আর কাউকে পায়নি। তাই সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।”
পানিতে পড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
তবে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ও বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট’র সহকারী পরিচালক পরিমল কুণ্ডু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.
bdnews24