আবু সুফিয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী আর ছেলেকে সেন্ট মার্টিন্স যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ সরওয়ার। ভয় ছিল, সাগর তলের ছবি তুলতে যাওয়ার কথা বললে হয়তো তারা যেতেই দেবে না।
গত ফেব্রুয়ারিতে তার সেই রেমাঞ্চকর অভিযানে তোলা ছবি নিয়ে শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। সাগরতলে অভিযানের সেই গল্প তিনি শোনাচ্ছেন বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদেরও।
সংবাদপত্রে কাজের সূত্রে শরীফ সরওয়ারকে প্রায় চৌদ্দ বছর ক্যামেরা হাতে ঘুরতে হয়েছে দেশের নানা প্রান্তে। দেশের সমস্যা, সঙ্কট, প্রতিবাদ বা উৎসব- বহু ঘটনারই সাক্ষী হয়েছেন তিনি ও তার ক্যামেরা।
“বাদ ছিলো সাগরতলে ডুব দেওয়া। এটাই বা বাদ যাবে কেন? তাই নেমে পড়লাম অভিযানে” বলে চলেন এই আলোকচিত্রী।
শুরুটা যেমন
টেলিভিশনে বিভিন্ন বিদেশি চ্যানেলে সাগরতলে অভিযানের দৃশ্য দেখে রোমাঞ্চিত, পুলকিত হতেন শরীফ। তখন থেকেই ভাবতেন, একদিন তিনিও যাবেন, তিনিও পারবেন।
“জমানো টাকায় কিনলাম সাগর তলের উপযোগী একটা ক্যামেরা। মডেল ক্যানন জি-১২। কিন্তু পানির নিচে ছবি তোলার জন্য সেটাই যথেষ্ট ছিল না। প্রয়োজন পানি থেকে রক্ষার জন্য ক্যামেরা কেসিং। সেটাও পাওয়া গেল ফটোসাংবাদিক সৈয়দ জাকির হোসেনের কাছে। আমাকে আর কে ঠেকায়!”
ব্যস! শুরু হয়ে গেল অভিযানের প্রথম নেমে পড়লাম। প্রথম কাজটি ছিল প্রশিক্ষণ। কিন্তু কোথায় কার কাছে যাবেন- চেপে বসলো এই দুশ্চিন্তা।
প্রশিক্ষণ
খোঁজ নিয়ে আর বই পড়ে শরীফ জানতে পারেন, পানির নিচের দৃশ্য দেখা যায় দুই ভাবে। প্রথমটি হচ্ছে- পানির সমান্তরালে ভেসে ভেসে দেহের পেছনের অংশ পানির ওপরে এবং সামনের অংশ পানির নিচে রেখে মন ভরে পানির নিচের দৃশ্য দেখা। এই পদ্ধতিকে বলে স্নোরকেলিং। আর পানির নিচে ডুব দিয়ে সাঁতরানোকে বলে স্কুবা ডাইভিং।
“খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওশানিক স্কুবা ডাইভিং সার্ভিস’ এ ধরনের প্রশিক্ষণ দেয়। এর মালিক আতিকুর রহমানের সঙ্গে পরিচিত হলাম। শুরু হলো স্কুবা ডাইভিংয়ের জন্য প্রস্তুতিপর্ব। প্রথম পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণও নিলাম। খরচ হলো ৩০০ ডলার। এই ট্রেনিংয়ে শেখানো হলো- কীভাবে পানিতে নামতে হয়, কীভাবে ডুবুরির পোশাক ও অন্যান্য যন্ত্রপাতি পরতে হয় ও পানির নিচে বহন করতে হয় অক্সিজেন সিলিন্ডার। এবং কোনো দুর্ঘটনায় পড়লে জরুরি পরিস্থিতিতে কী করতে হয়।”
এই প্রশিক্ষণ আর প্রস্তুতিতে চাচাতো ভাই রেওয়ান আহমেদ শিবলী তাকে নানাভাবে সাহায্য করেছেন বলে জানালেন শরীফ।
“চুক্তি হলো নয় দিন ডুব দিব সাগরে। প্রতিবার ডাইভিংয়ে খরচ ধরা হলো তিন হাজার টাকা। সকালে-বিকালে ভাটার সময় ডুব দিতে হবে। কারণ, কারণ ভাটার সময় সাগরে পানির উচ্চতা জোয়ারের সময়ের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট কম থাকে। আর দিনে দুবার করে সাগরে জোয়ার-ভাটা হয়। ভাটা হয় সকালে আর বিকেলে। এ সময় আকাশ থাকে ঝকঝকে, বাতাস থাকে শান্ত।”
সাগর তলে নীল জলে
“বাবা তুমি কোথায়,” ২৫শে ফেব্রুয়ারি সকালে ফোন করলো শরীফের ছেলে সায়ান।
শরীফ তাকে বললেন, কিছুক্ষণ পর ছবি তুলতে বের হবেন। কিন্তু ঘূণাক্ষরেও ছেলেকে জানতে দিলেন না যে অচেনা এক জগতে অভিযানে চলেছেন তিনি।
“প্রথমবার পানির নিচে ছিলাম মাত্র পাঁচ থেকে সাত মিনিট। একটু একটু ভয় করছিল। তাই বেশিক্ষণ ডুবে দিতে পারলাম না। এভাবে সারাদিন কয়েকবার নামলাম আর উঠলাম।
“পরদিন নামলাম ক্যামেরাসহ। মুখে ব্রিদিং টিউব, শরীরে জ্যাকেট, কোমরে ওয়েট বেল্ট, পায়ে স্লিপার, পিঠে গ্যাস সিলিন্ডার, আর মুখে মাস্ক। কেমন যেন শিরশিরে একটা অনুভূতি খেলে গেলো গায়ে। কিন্তু, অভিযান তো থেমে থাকবে না। সকাল ৮টায় ডাইভিংয়ের পোশাক পরে স্পিডবোটে চেপে হাজির হলাম ছেঁড়া দিয়ার কাছাকাছি। সঙ্গে ডাইভিংয়ে অভিজ্ঞ গাইড হালিম। আমাকে বুঝিয়ে দিলেন নানা কৌশল।”
রোমাঞ্চ ও আতঙ্ক
পানির নিচে থাকার অভিজ্ঞতা জানিয়ে শরীফ বলেন, “যতোই গভীরে যাচ্ছিলাম, কানে পানির চাপ ততো বাড়ছিলো। মনে হচ্ছিলো কান ফেটে রক্ত বেরিয়ে পড়বে। কষ্ট, অস্বস্তি আর সাথে ভয়। এ রকম কঠিন পরিস্থিতিতে প্রথম ডাইভিং এ কয়েকটা ছবি তুললাম।”
কিন্তু সাগর তলের গোপন জগৎ দৃশ্যমান হতেই বদলে গেল সব কিছু।
“এ এক স্বর্গীয় অনুভূতি। ভাষায় বোঝানো সম্ভব নয়। অন্য এক জগতে আমি। নীল দুনিয়ায় নানা রঙের মাছ, কোরাল। আরো কতো কি! সব কিছুর নাম আমি জানি না। কোরালগুলো নানা রংয়ের, নানা নকশার। মাস্কপরা মুখের ওপর একঝাঁক মাছ এসে ঠোকর দিচ্ছে। আহা! সে কী রূপ। লাল, নীল বেগুনী। এতো রং একসাথে কখনো দেখিনি।”
সেদিন পানির নিচে ৪৫ ফুট পর্যন্ত গিয়েছিলেন শরীফ। সব মিলিয়ে সাত দিন সাগরের তলদেশে ঘুরে ঘুরে ‘সেই রূপ’ দর্শন করেন।
তিনি বলেন, “সাগরতলের প্রতিটি মুহূর্তই রোমাঞ্চকর। প্রথমবার মনে হলো দুনিয়ার বাইরে চলে এসেছি। সমুদ্র তলের বর্ণবৈচিত্র শৈশবের স্বপ্নের মতো। তবে সবসময়ই একটা ভয় ছিল। এই বুঝি হাঙ্গর বা ভয়ংকর কোনো সামুদ্রিক প্রাণী চলে আসবে।
নতুনদের জন্য পরামর্শ
যারা সাগর তলের রঙিন জগৎটা ঘুরে ক্যামেরায় ধারণ করতে চান, তাদের জন্য শরীফের পরামর্শ, যথাযথ প্রশিক্ষণ ছাড়া হুটহাট যাওয়া ঠিক হবে না। আর সরঞ্জাম নিতে হবে দরকার মতো।
যতো ভালো সরঞ্জাম থাকবে, ততো ভালো ছবি তোলা যাবে।
শরীফ সারওয়ারের অভিযানের ছবি নিয়ে শুক্রবার বিকালে ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী
তিন দিনব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১৭১৫ ঘ.
bdnews24