ঝিনাইদহ জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত আবু সাঈদ (৩২) সদর উপজেলার চুলকানি গ্রামের একুব্বর আলীর ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে কান্তা মির্জাপুর গ্রামের মাঠে তাকে হত্যা করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় গোপালপুর বাজার থেকে মোবাইল ফোনে সাঈদকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। তারপর ওই গ্রামের মাঠের মধ্যে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
ওসি বলেন, “সাঈদকে এলাকার মানুষ চিনতো ‘বোমা সাঈদ’ নামে। একটি অস্ত্র মামলায় কিছুদিন কারাগারে কাটিয়ে গত বছর ইউপি নির্বাচনের আগে সে মুক্তি পায়।”
পুলিশের ধারণা, প্রতিপক্ষের চরমপন্থীরাই সাঈদকে হত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.
bdnews24