ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের সিডর ও আইলা দুর্গত এলাকার মানুষের বহুমুখী ব্যবহারের জন্য নির্মিত ১২টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থানীয়দের মাঝে হস্তান্তর করেছে সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি)।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় সমন্বিত ও বহুমুখী দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কর্মসূচির আওতায় দেশের দক্ষিণাঞ্চলের সিডর ও আইলা দুর্গতদের দুর্যোগকালীন আশ্রয় ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।
ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সমাজভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এই ১২টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিচালিত হবে। স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি এসব আশ্রয়কেন্দ্রের ব্যবহার, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করবে।
বাগেরহাট জেলার দুর্গম ও দুর্যোগপ্রবণ মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। দ্বিতলবিশিষ্ট এসব ভবন একতলা খুঁটির ওপর নির্মিত।
এসব ভবনের প্রথম তলা দুর্যোগের সময় সমাজভিত্তিক পশু-পাখি রাখার জন্য সংরক্ষিত। দ্বিতীয় তলায় থাকবে মানুষ। এতে নারী, শিশু ও বয়স্কদের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা থাকবে। পৃথক কক্ষ রয়েছে পুরুষ ও অসুস্থ্যদের জন্য।
নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেট এবং বিভিন্ন সামগ্রী রাখতে গুদামের ব্যবস্থাও রয়েছে।
বৃষ্টির পানি সংরক্ষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকবে এসব আশ্রয় কেন্দ্রে। থাকবে বিশেষ ধরনের জেনারেটর, যা দুর্যোগের সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
এই ১২টি আশ্রয়কেন্দ্রে দুর্যোগের সময় ১৭ হাজার মানুষ এবং ছয় হাজার গবাদি-পশু রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
স্থানীয়দের দান করা জমিতে এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যা সমাজভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হবে। স্থানীয় সরকার প্রতিনিধিরা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব আশ্রয়কেন্দ্রের জন্য দুঃস্থ সুবিধাভোগী নির্বাচন করবেন।
এসব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে লিঙ্গ সমতার ভিত্তিতে গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি) এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি (এবিসি) গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০০৮ ঘ.
bdnews24