ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত চার দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে চলা সংঘাতের অবসান রোববারের মধ্যে না ঘটলে সোমবার থেকে ওই অঞ্চলের সব কারখানা বন্ধের হুমকি দিয়েছেন পোশাক শিল্প মালিকরা।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিজিএমইএ ও বিকেএমইএ’র এক জরুরি সভার পর এই কথা সাংবাদিকদের জানান বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
তিনি বলেন, “আমরা রোববার পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সোমবারও যদি একই অবস্থা চলতে থাকে তবে আশুলিয়ায় সব কারখানা বন্ধ করে দেওয়া হবে।”
বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ছাড়াও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদও ওই বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২০৩০ ঘ.
bdnews24