২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ’ প্রাইভেট অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়সহ বিভিন্নভাবে আইনভঙ্গকারী সিএনজিচালিত সবুজ রংয়ের অটো রিকশাগুলোর মালিক ও চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত বাহন হিসাবে ব্যবহারের (প্রাইভেট) নামে ঢাকার রাস্তায় ‘অবৈধভাবে’ চলাচলকারী ছাই, ধূসর ও রূপালী রংয়ের অটো রিকশাগুলো বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আর কোনো ‘প্রাইভেট’ অটোরিকশার নিবন্ধন বা চলাচলের অনুমতি না দিতেও বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা একটি রুলের নিস্পত্তি করে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও মো. হাবিবুল গণির বেঞ্চ গত ৭ জুন এই রায় দেয়, যাতে বৃহস্পতিবার তারা সই করেন। আগামী ২১ জুন থেকে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে। আদেশে বলা হয়, প্রাইভেট হিসাবে নিবন্ধিত ছাই, ধূসর ও রূপালী রংয়ের অটো রিকশাগুলো ঢাকার রাস্তায় চলতে পারবে না। কারণ এগুলো ঢাকার রাস্তায় চলাচলের জন্য অনুমোদিত নয়। আইনে তাদের সে সুযোগও নেই। আদালত পর্যবেক্ষণে বলেছে, বিআরটিএর উচিত আইন অনুসরণ করেই প্রয়োজনীয় সংখ্যক অটো রিকশাকে গণপরিবহণ হিসাবে চলাচলের অনুমতি ও নিবন্ধন দেওয়া। এছাড়া যাত্রীদের কাছ থেকে মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়সহ বিভিন্নভাবে আইনভঙ্গকারী সিএনজিচালিত সবুজ রংয়ের অটো রিকশাগুলোর মালিক ও চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে আদালত। আদেশে বলা হয়, মটর ভেহিকেল অর্ডিনেন্স-১৯৮৩ এবং সিএনজি/পোট্রোলচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা-২০০৭ অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা না মানায় এসব অটো রিকশার মালিক-চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী ২১ জুন থেকে এসব আদেশ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলেছে হাই কোর্ট। এজন্য প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিআরটিএ এবং ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ। আর আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে আগামী ৯ জুলাই ঢাকার জেলা প্রশাসক, মহানগর পুলিশের কমিশনার ও বিআরটিএর চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আগে আদালতের এসব নির্দেশনা বিজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে প্রচার করার জন্যও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। ‘নাম সর্বস্ব বার্তা সংস্থার প্যাডে ঢাকায় চলছে কয়েক হাজার সিএনজি অটো রিকশা’ শিরোনামে গত ৭ মে দৈনিক ইনকিলাবে এবং ‘প্রাইভেট ইয়েট আপ ফর হায়ারিং’ শিরোনামে গত ১৩ মে ডেইলি স্টারে প্রকাশিত দুটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ মে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। ঢাকা ও আশপাশের এলাকায় বেআইনিভাবে বাণিজ্যিক ভিত্তিতে চলাচলকারী রূপালি রংয়ের ব্যক্তিগত অটো রিকশার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দিল আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯১০ ঘ.