ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহবান আবার প্রত্যাখ্যান করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
দাঙ্গার কারণে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের প্রতি তার আহ্বান, পরিস্থিতি স্বাভাবিক করতে মিয়ানমারকে চাপ দিন।
বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কোনো সনদে বাংলাদেশ স্বাক্ষর করেনি।
“কোনো আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক আইন, কনভেনশন এবং আন্তর্জাতিক প্রথাগত আইনে অনুস্বাক্ষরকারী রাষ্ট্র বাংলাদেশ নয়। তাই রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমাদের কোনো দায়বদ্ধতা নেই।”
“আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকা না সত্ত্বেও মানবিক কারণে আমরা তাদের এদেশে থাকতে দিচ্ছি। সীমান্ত খুলে দিতে আমরা বাধ্য নই,” যোগ করেন দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশন কক্ষে ছিলেন।
সম্প্রতি রাখাইন প্রদেশে দাঙ্গার পর রোহিঙ্গারা পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এর দুই দশক আগে মিয়ানমারের সামরিক সরকারের দমন-পীড়নের মুখে বাংলাদেশে ঢোকে অন্তত সাড়ে ৪ লাখ রোহিঙ্গা, যে শরণার্থীদের চাপ সামলাতে হচ্ছে বাংলাদেশকে।
রোহিঙ্গাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা তৈরি হয়েছে বলেও সংসদে জানান দীপু মনি।
তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের কয়েকটি দলের সশস্ত্র তৎপরতা রয়েছে। তাতে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে।
“মিয়ানমার সরকার সেখানে বাংলাদেশ দূতাবাসের কাছে তাদের উদ্বেগের কথাটি জানিয়েছে। তাদের কিছু সংগঠন এবং জামাত রোহিঙ্গাদের সশস্ত্রভাবে মিয়ানমারের ভেতর হস্তক্ষেপ করা ও জাতিগত সংঘাতে ইন্ধন যোগানোর কাজ করছে।”
এই বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে রাখাইন-রোহিঙ্গা দাঙ্গা শুরুর পর বাংলাদেশে ঢুকতে রোহিঙ্গাদের চেষ্টা প্রতিহত করতে জোর তৎপরতা চালাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড।
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ কখনো, কোনোভাবে অমানবিক আচরণ করেনি এবং করবেও না।”
তিনি জানান, জলপথে যে সব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন, তাদের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জ্বালানি বিজিবি সরবরাহ করছে। আবহাওয়া খারাপ থাকার জন্য কিছু রোহিঙ্গা সেন্ট মার্টিনে অবস্থান করছেন, তাদের ফেরত পাঠানো হয়নি। সেখানে একজন রোহিঙ্গা নারী সন্তানও প্রসব করেছেন।
রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর আহ্বানের পরিপ্রেক্ষিতে দীপু মনি বলেন, “তারা যে সহায়তাটা বাংলাদেশের ভেতর দিতে চাচ্ছেন, তারা যেন তাদের সহায়তাটা মিয়ানমারের ভেতর দিয়ে দেন।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না করে তাদের মিয়ানমার সফরের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পাশ্চাত্য নেতারা এখন মিয়ানমারে যাচ্ছেন। আজ তো মিয়ানমার তাদের বন্ধু রাষ্ট্র। আজকের মিয়ানমার আগের মিয়ানমার নয়।
“আজ যদি তারা সম্ভাবনাময় বন্ধু রাষ্ট্রটিকে অনুরোধ জানিয়ে সংঘাত নিরসনের চেষ্টা করতেন, তাহলে বুঝতাম, সত্যিকারে তারা সমাধান চান।”
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেছিন, “মিয়ানমার থেকে আরো শরণার্থী আসাটা আমাদের জন্য মঙ্গলজনক নয়।”
আগে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে।
দীপু মনি বলেন, “রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে সামাজিক, পরিবেশগত, আইন-শৃঙ্খলাগত এবং রাজনৈতিক সমস্যা তো হচ্ছে। তারা জাতীয় নিরাপত্তায়ও সমস্যা সৃষ্টি করছে।”
আগে ঢুকে পড়া রোহিঙ্গারা বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ‘বিশেষ কায়দায়’ বিদেশ গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বাংলাদেশের শ্রমবাজার বিনষ্টে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে জানিয়ে দীপু মনি বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
মিয়ানমারে সংঘাতের ধরন বর্ণনা করে তিনি বলেন, “সেখানে এখন যেটা হচ্ছে, তা জাতিগত সংঘাত। এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই।”
“যখন কোনো যুদ্ধাবস্থা নেই, এখন কোনো ঘটনা ঘটছে না যে, তাদের (রোহিঙ্গা) যাওয়ার কোনো জায়গা নেই। আর রাষ্ট্র সমস্যা নিরসনের চেষ্টা করছে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৫৪ ঘ.
bdnews24