২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ না করার দাবি

পরিকল্পিত পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ না করাসহ পাঁচদফা দাবি জানিয়েছে যৌনকর্মীদের সংগঠন সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিত পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ না করাসহ পাঁচদফা দাবি জানিয়েছে যৌনকর্মীদের সংগঠন সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক। বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভানেত্রী জয়া শিকদার এসব দাবি তুলে ধরেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের এ পেশায় আসা বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, এ পেশায় নিয়োজিতদের প্রতি আইনের অপপ্রয়োগ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যৌনকর্মী ও তাদের সন্তানদের জন্য যে কোনো নীতি ও কর্মকৌশলে তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং যৌনপল্লীকে কেন্দ্র করে সব অপরাধমূলক কর্মকা- রোধে সরকারি উদ্যোগ। সংবাদ সম্মেলনে জয়া শিকদার বলেন, “সমাজের প্রয়োজনেই এ পেশার সৃষ্টি হয়েছে এবং তা বিশ্বময় ছড়িয়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা সামাজিক প্রতারণার স্বীকার হয়ে এ পেশায় আসতে বাধ্য হয়। পরবর্তীতে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মূলধারায় ফিরতে বাধা সৃষ্টি করে।” “যাদের কারণে আমরা এ পথে আসতে বাধ্য হয়েছি তারা সামাজিক ও ধর্মীয়ভাবে পূর্ণ মর্যাদা ভোগ করলেও তাদের উচ্ছেদের কথা কেউ ভাবছে না।” বাংলাদেশের প্রচলিত আইনে যৌন পেশাকে এখনো নিষিদ্ধ করা না হলেও তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। যৌনকর্মীদের এই নেতা বলেন, “আমরা বলতে বাধ্য হচ্ছি যে, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে যৌনপল্লী উচ্ছেদের ঘটনায় সরকার ও প্রশাসন উচ্ছেদকারীদের পক্ষে অবস্থান নেওয়ায় এ পেশা নির্মূল হওয়ার পরিবর্তে আরো জটিল ব্যাধি হিসেবে দেখা দিয়েছে।” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যৌনকর্মী ইভান আহমেদ কথা, পারুল বেগম, রোজী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/১৮৫৫ ঘ.