ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণের জন্য বহুজাতিক দু’টি কোম্পানির কাছ থেকে ৪৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে জ্বালানি খাতসহ জাতীয় উন্নয়নে বরাদ্দের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
মাগুরছড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল¬াহ বলেন, “দেশের সম্পদ যারা লুট করে, দেশের সম্পদ যারা ধ্বংস করে তাদের কাছ থেকে কমিশন খেয়ে দেশের সর্বনাশ করছে এদেশের বিভিন্ন ধনিক শ্রেনীর সরকার। জনগণকেই তাদের পাওনা আদায় করতে হবে।”
মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণের জন্য মার্কিন কোম্পানি শেভরন ও কানাডীয় কোম্পানি নাইকোর
কাছ থেকে ৪৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করার দাবি জানান তিনি।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মাগুরছড়া ও টেংরাটিলায় যে পরিমান গ্যাস নষ্ট হয়েছে তা দিয়ে দুই বছর ধরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। এত বড় ক্ষতি যারা করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় না করে বরং নানা সুবিধা দিয়ে বিগত সরকারগুলো নিজেদের জনবিরোধী হিসেবে পরিচিত করেছে।
মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল সিলেট অঞ্চলের মাগুড়ছড়ায় গ্যাসকূপ খনন করার সময় ১৯৯৭ সালের ১৪ জুন বিস্ফোরণ ঘটে। এর পর ১৯৯৯ সালে অপর মার্কিন কোম্পানি ইউনোকলের কাছে তাদের ব্যবসায়িক কার্যক্রম হস্তান্তর করে। পরে ২০০২ সালে ইউনোকলের তা হস্তান্তর করে আরেক মার্কিন কোম্পানি শেভরনকে।
আর কানাডিয়ান কোম্পানি নাইকো ছাতক গ্যাসক্ষেত্রের টেংরাটিলায় কূপ খনন করার সময় ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪ জুন বিস্ফোরণ ঘটে।
সভায় আরো বক্তব্য দেন লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭০৫ ঘ.
bdnews24